সারা বাংলা
রাজবাড়ীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে হত্যার অভিযোগ

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল শেখ (৫০) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের এ ঘটনা ঘটে।
ঘটনার জেরে গোপালী নামে এক নারীকে আটক করেছে পুলিশ। নিহত নজরুল শেখ বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে নজরুল শেখের মেয়ে রুনা নিজের ফেসবুক আইডি থেকে গোলাপীর মেয়েকে উদ্দেশ্য করে একটি কটূক্তিমূলক স্ট্যাটাস দেন। তবে ওই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গোলাপী ও নজরুলের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে গোলাপীর পক্ষের লোকজনের আঘাতে নজরুল শেখ গুরুতর আহত হন বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে রেফার্ড করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে রুনা বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। শুক্রবার সকালে তার বাবাকে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘ফেসবুকে লেখাকে কেন্দ্র করে নজরুলকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গোপালী নামে এক নারীকে আটক করা হয়েছে। নিহত নজরুলের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
ডিবিসি/এসডব্লিউএন