সারা বাংলা
সিরাজগঞ্জে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে যাত্রীর অপেক্ষায় সরিষাকোল বাজার এলাকায় সিএনজি অটোরিকশায় বসে ছিলেন মোমিনুল। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তার সিএনজিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন