আন্তর্জাতিক, অন্যান্য
অ্যান্টার্কটিকায় বরফের গণেশ প্রতিমা তৈরি বিজ্ঞানীদের, আরতি শেষে বিসর্জন

অ্যান্টার্কটিকার বরফের দেশে গণেশ চতুর্থী উদ্যাপনে দেখা গেল অভিনব দৃশ্য। ভারতের মৈত্রী গবেষণা কেন্দ্রে কর্মরত বিজ্ঞানীরা বরফ দিয়ে তৈরি করলেন গণেশের প্রতিমা। বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও উৎসবের আয়োজন করলেন ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চের (এনসিপিওআর) গবেষকেরা।
উদ্যাপনের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মৈত্রী কেন্দ্রে কর্মরত চিকিৎসক অনিরুদ্ধ ধর। ভিডিওতে দেখা যায়, একসঙ্গে বরফ গড়ে গণেশের প্রতিমা তৈরি করছেন দলের সদস্যরা। প্রস্তুতি শেষ হলে সেই প্রতিমাকে ঘিরেই শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। প্রতিমার সামনে তারা আরতি করেন। এরপর প্রতিমাটি নিয়ে বিসর্জনের জন্য এগিয়ে যান গবেষকেরা। বিসর্জন শেষে তারা একসঙ্গে মোদক খান। দূরের গবেষণা কেন্দ্রে উৎসব পালনের এসব মুহূর্ত ধরা পড়েছে ভিডিওতে।
ইনস্টাগ্রামের পোস্টে অনিরুদ্ধ লেখেন, বাড়ি থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে তাদের এই আয়োজন পরিবেশবান্ধব বিসর্জনের এক ব্যতিক্রমী উদাহরণ। হাতে তৈরি বরফের প্রতিমাটিকে যতটা সম্ভব টেকসই বলেও উল্লেখ করেন তিনি। পোস্টে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ লিখে প্রতিমা তৈরির কৃতিত্ব দেন অরবিন্দ হোসালকর ও কার্তিক পি-কে।
আরতি, বিসর্জন ও মোদক খাওয়ার মধ্য দিয়ে মৈত্রী কেন্দ্রে উৎসবের পরিচিত রীতিগুলোই পালন করেছেন গবেষকেরা। তবে এই আয়োজনের বিশেষত্ব ছিল বরফের প্রতিমা। সেটি তৈরির মুহূর্ত থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত তাঁদের উদ্যাপনের ঝলক উঠে এসেছে অনিরুদ্ধের শেয়ার করা ভিডিওতে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/এসএফএল