ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

সারা বাংলা

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা মুকবিল-২ লঞ্চ বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ায় আবার লঞ্চে ওঠেন।

 

পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

 

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

 

নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে কোনো ডুবুরি বা বিশেষ উদ্ধারকারী দল পৌঁছায়নি। তবে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের নিয়ে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

 

স্থানীয় বাসিন্দা সৈকত বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

 

এদিকে লঞ্চযাত্রীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর উদ্ধার অভিযান এবং যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলেছি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এখন পর্যন্ত নিখোঁজ যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নদীতে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন