আন্তর্জাতিক, অন্যান্য
কঙ্গোয় যাত্রীবাহী নৌকাডুবিতে নিহত ৪১

কঙ্গোর টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবিতে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ৪৯ জনকে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছেন দেশটির টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোই।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাওয়ার পথে মাপেরা গ্রামের কাছে নৌযানটি ডুবে যায়। এতে প্রায় ১০০ যাত্রী ও মালামাল ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বেঁচে যাওয়া যাত্রী অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত কঙ্গোর সংবাদমাধ্যম রেডিও ওকাপিকে বলেন, রাত প্রায় একটার দিকে যাত্রীদের ঘুম ভাঙে। তখন তারা দেখতে পান, নৌকাটি একদিকে কাত হয়ে যাচ্ছে।
এক মাসের কম সময়ের মধ্যে কিগোমা-কালেমি পথে কঙ্গোর কোনো নৌযান দুর্ঘটনার এটি দ্বিতীয় ঘটনা। গত ২৮ আগস্ট কিগোমা বন্দরে জ্বালানি তোলার সময় এমভি প্যাসিফিক নামের একটি নৌযানে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। রেডিও ওকাপি বন্দর কর্তৃপক্ষের বরাতে জানিয়েছিল, ওই ঘটনায় ছয় নাবিক নিহত হন এবং আরও একজন নিখোঁজ ছিলেন। নৌযানটি দুই শহরের মধ্যে জ্বালানি পরিবহনে ব্যবহৃত হতো।
এর আগে জুলাই মাসে মধ্য কঙ্গোয় রাষ্ট্রীয় পরীক্ষা শেষে ফেরা শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জন মারা যান। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে নৌদুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। অনেক নৌযানে ধারণক্ষমতার বেশি যাত্রী তোলা হয় এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকে না। অবকাঠামোর ঘাটতি ও কম খরচের কারণে বহু মানুষের যাতায়াতের ভরসা নৌপথ।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল