আন্তর্জাতিক, অন্যান্য
দক্ষিণ আফ্রিকায় বাড়ির অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের দক্ষিণে কোয়ামাখুথা টাউনশিপে একটি বাড়ির অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে অনুষ্ঠান চলার সময় তিন অস্ত্রধারী উপস্থিত অতিথিদের লক্ষ্য করে গুলি চালায়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।
কোয়াজুলু-নাটাল প্রদেশের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা বলে ধারণা করা এক নারী ও ১৩ জন পুরুষ ছিলেন। তাদের মধ্যে ওই নারীসহ ১০ জন ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি তিনজন আহত হন। অর্থাৎ অনুষ্ঠানে উপস্থিত ১৪ জনের সবাই হতাহত হয়েছেন।
হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তারা জানিয়েছে। সন্দেহভাজন তিন অস্ত্রধারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। হামলার পেছনে গোষ্ঠীগত বিরোধ ছিল কি না, তা এখনো তদন্তসাপেক্ষ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতদের কয়েকজন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে অপরাধ গোয়েন্দাদের নজরে ছিলেন। কী ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। হামলার সঙ্গে ওই তথ্যের কোনো যোগসূত্র আছে কি না, তা-ও স্পষ্ট নয়।
দক্ষিণ আফ্রিকায় হত্যাকাণ্ডের হার বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন খুন হন। আগামী নভেম্বরে পৌর নির্বাচন সামনে রেখে সহিংস অপরাধ ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল