আন্তর্জাতিক, ভারত
গাঁজা কাণ্ডের পর অতিরিক্ত মদ্যপান: এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত

জ়ুরিখ থেকে দিল্লিগামী উড়ানের আগে অ্যালকোহল পরীক্ষায় নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রা ধরা পড়ায় এক পাইলটকে সাময়িক বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া। গত ৬ সেপ্টেম্বর সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখ বিমানবন্দরে ঘটনাটি ঘটে। বিমান ছাড়ার আগেই সংশ্লিষ্ট পাইলটকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।
বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের অভিযোগ ছিল, পাইলটের শরীর থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া যাচ্ছিল। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। এর পর উড়ানের ঠিক আগে পাইলটকে নামিয়ে ব্রেথ অ্যানালাইজ়ার ও সোব্রিয়েটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়। ফলে তিনি ওই উড়ান পরিচালনা করতে পারেননি।
ঘটনার পর সুইজ়ারল্যান্ডের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা সে দেশের নিয়ম অনুযায়ী পাইলটের বিরুদ্ধে পদক্ষেপ করে। বিষয়টি ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কেও জানানো হয়। ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম আরও জোরদার করার নির্দেশ দিয়েছে।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীনিরাপত্তা ও বিমান চলাচলের বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সংস্থা আপসহীন নীতি মেনে চলে। এই ঘটনাতেও সেই নীতিই অনুসরণ করা হবে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার ফুকেট–দিল্লি উড়ানের এক পাইলট গাঁজা পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। তার পর জ়ুরিখের এই ঘটনায় আরও এক পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নিল সংস্থা।
সূত্র: আনন্দবাজার
ডিবিসি/এসএফএল