সারা বাংলা
পঞ্চগড়ে কৃষিজমিতে মিলল নিখোঁজ নারীর মরদেহ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাছিনা বেগম ওই এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন হাছিনা বেগম। এরপর রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরে রাতে আর বাড়িতে ফেরেননি তিনি।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে মাছ ধরার টেমাই (ফাঁদ) আনতে যান। এ সময় তারা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বখতিয়ার রহমান বলেন, সকালে কয়েকজন মাছ ধরার টেমাই উঠাতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। তাদের ডাকাডাকিতে এলাকাবাসী সেখানে জড়ো হন।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, কৃষিজমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ডিবিসি/এসডব্লিউএন