ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের ঘটনা

বাড়ির উঠোনে খেলছিল শিশু, জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ

বাড়ির উঠোনে খেলছিল শিশু, জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ
ভারতের ঘটনা

বাড়ির উঠোনে খেলছিল শিশু, জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে

গুজরাতের জুনাগড় জেলার মেনদারদা তালুকার দেদকিয়ালি গ্রামে চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে ৬ বছরের এক বালিকার। নিহত শিশুর নাম প্রিশা সোলাঙ্কি। বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় চিতাবাঘটি তাকে ধরে জঙ্গলের দিকে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর কাছের জঙ্গল থেকে উদ্ধার হয় তার দেহ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন ও স্থানীয় সূত্র অনুযায়ী, বাড়ির বাইরের উঠোনে সঙ্গীদের সঙ্গে খেলছিল প্রিশা। সেই সময় ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ। শিশুটির ঘাড় কামড়ে ধরে তাকে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে যায় প্রাণীটি। ঘটনাটি দেখে আতঙ্কে দৌড়ে পালায় তার সঙ্গে থাকা অন্য শিশুরা।


প্রিশার কাকা কেতন সোলাঙ্কি জানিয়েছেন, বাড়ির বাইরের উঠোনেই খেলছিল শিশুটি। সেখানেই আচমকা চিতাবাঘের হামলা হয়। তার কথায়, ঘটনার এক ঘণ্টা পরে প্রিশার মৃতদেহ পাওয়া যায়। বাড়ির এত কাছে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।


ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। সংবাদসংস্থা পিটিআই তাদের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ দেখেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ জানিয়েছেন উদ্বেগের কথা।


হামলার পর চিতাবাঘটিকে ধরতে বন বিভাগ এলাকায় খাঁচা বসিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে।


সূত্র: আনন্দবাজার


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন