ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ফসল কাটার মৌসুমে বিদেশি শ্রমিকদের দ্রুত ভিসা দেবে অস্ট্রেলিয়া

ফসল কাটার মৌসুমে বিদেশি শ্রমিকদের দ্রুত ভিসা দেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক

ফসল কাটার মৌসুমে বিদেশি শ্রমিকদের দ্রুত ভিসা দেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

কৃষি খাতের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়ার সরকার। অভিবাসন নীতিতে কড়াকড়ির কারণে দেশটিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় এবং ফসল তোলার কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার শস্য উৎপাদনকারীদের সংগঠন গ্রেইন প্রডিউসারস অস্ট্রেলিয়া (জিপিএ) এ তথ্য জানিয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটিতে এসব ফসল কাটার মৌসুম শুরু হবে। এই ফসল ঘরে তুলতে সেখানকার অনেক খামার অস্থায়ী বিদেশি শ্রমিকের ওপর নির্ভর করে।

 

জিপিএ এক বিবৃতিতে জানায়, সম্প্রতি বার্ষিক অভিবাসীর সংখ্যা ব্যাপক হারে কমানোর নীতি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। এর ফলে সৃষ্ট শ্রমিক সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনা করে কৃষি খাতের সংগঠনগুলো। আলোচনার পরিপ্রেক্ষিতে জরুরি কৃষি শ্রমিকদের ভিসা আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

 

জিপিএর চেয়ারম্যান ম্যাথিউ ম্যাডেন সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি একটি ভালো সমাধান। এমন উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।’

 

তবে এই প্রক্রিয়া বাস্তবে কতটা কার্যকর হবে এবং এর মাধ্যমে ঠিক কতসংখ্যক ভিসা দ্রুত অনুমোদন পাবে, তা এখনো স্পষ্ট নয় বলে জানান ম্যাথিউ ম্যাডেন। তিনি বলেন, ‘প্রক্রিয়াটি বাস্তবে কীভাবে কাজ করে, তা আমরা পর্যবেক্ষণ করব। তবে আশা করছি, এই ব্যবস্থার মাধ্যমে ফসল কাটার মৌসুমে কৃষকেরা প্রয়োজনীয় শ্রমিক নিয়ে আসতে পারবেন।’

 

উল্লেখ্য, সরকারের নতুন অভিবাসন ব্যবস্থায় ভিসা প্রক্রিয়াকরণের জন্য তিন মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগও সীমিত করা হয়েছে। কৃষি খাতের সংগঠনগুলো জানিয়েছে, খামার ও গ্রামীণ ব্যবসায় ব্যাপকভাবে ব্যবহৃত ‘ওয়ার্কিং হলিডে মেকার’ ভিসার আবেদন প্রক্রিয়া আগে কয়েক দিনে শেষ হলেও এখন তা কয়েক মাস পর্যন্ত দীর্ঘ হচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন