সারা বাংলা
টেকনাফে সাগরে গোসলে নেমে শিশু নিখোঁজ

কক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে মোহাম্মদ আতাউল্লাহ নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া নৌঘাট সৈকত সংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ মোহাম্মদ আতাউল্লাহ (১৩) সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
স্বজনের বরাতে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম বলেন, বিকালে আতাউল্লাহ সহ কয়েকজন বন্ধু মিলে সাগরে গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে সে ভেসে যায়। এসময় তার সঙ্গে গোসলে নামা অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসেন।
রাত ৮ টা পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও শিশুটির সন্ধানে মিলেনি বলে জানান তিনি।
এ নিয়ে টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবরটি তিনি শুনেছেন। ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস স্টেশনসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন