ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

সারা বাংলা

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা মামলাটির তদন্ত করবেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুরুতে অপ্রতিম হত্যা মামলাটির তদন্ত করছিলেন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, এখন থেকে মামলাটির তদন্ত করবেন একই থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। এক-দুই দিনের মধ্যেই মামলার সব নথিপত্র নতুন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

 

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপারের কার্যালয় থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেওয়া হয়েছে। নথিপত্র হাতে পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরু হবে। তদন্ত শেষ করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করার আশা প্রকাশ করেন তিনি।

 

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও অপ্রতিমের মোবাইল ফোনের সূত্র ধরে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান (১৬) এবং জড়িত সন্দেহে মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার করা হয়।

 

 পরদিন সিয়াম ছাড়া বাকি তিনজন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের নির্দেশে গত সোমবার ফাহাদ ও কামরুলকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকি দুজন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন