ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রার প্রস্তুতি ঘিরে অবরুদ্ধ ইসলামাবাদ

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রার প্রস্তুতি ঘিরে অবরুদ্ধ ইসলামাবাদ

আন্তর্জাতিক, পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রার প্রস্তুতি ঘিরে অবরুদ্ধ ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ও রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সরকারি বাধার মুখেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাদের মধ্যে আলোচনা চলছিল, রবিবার যাত্রা শুরু করে ধীরে ধীরে রাজধানীর দিকে এগোনো হবে, নাকি কর্মসূচি আগামী সপ্তাহে নেওয়া হবে।

পদযাত্রা ঠেকাতে ইসলামাবাদে ২২ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এক হাজারের বেশি কনটেইনার দিয়ে সড়ক অবরোধ, গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ এবং রাজধানীতে জনসমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। পেশোয়ার থেকে ইসলামাবাদগামী প্রধান সড়কও বন্ধ। পিটিআইয়ের বহু নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বা তাদের আটক করা হয়েছে। সোমবার গ্রেপ্তার হওয়া খানের তিন বোনও কারাগারে রয়েছেন।


পিটিআইয়ের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেছেন, কারাগারে খানের অবস্থার উন্নতি এবং তার মামলাগুলোর ন্যায্য শুনানিসহ উল্লেখযোগ্য ছাড় না পেলে পদযাত্রা হবে। বিপুলসংখ্যক সমর্থক রাস্তায় নামবেন বলে তার আশা। তবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও স্বীকার করেছেন তিনি। প্রদেশটির গভর্নর ফয়সাল করিম কুন্দি বলেছেন, সহিংসতা ঠেকাতেই এসব সতর্কতামূলক ব্যবস্থা।


২০২৩ সাল থেকে দুর্নীতির অভিযোগে কারাবন্দি খান অভিযোগ অস্বীকার করেছেন। তার দল বলছে, তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং চিকিৎসা ও পরিবারের সঙ্গে যোগাযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। কঠোর অবরোধে ইসলামাবাদের বাসিন্দা ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন। বিশ্লেষকদের মতে, অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে অসন্তোষের মধ্যে এই বিক্ষোভ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।


সূত্র: দ্য গার্ডিয়ান


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন