ডিবিসি নিউজdbcnews.tv

ক্রিকেট

ভারতের মাটিতে ২৪ বছরের খরা কাটাতে চান স্যামি

ভারতের মাটিতে ২৪ বছরের খরা কাটাতে চান স্যামি

ক্রিকেট

ভারতের মাটিতে ২৪ বছরের খরা কাটাতে চান স্যামি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

২০০২ সালের পর ভারতের মাটিতে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দীর্ঘ ২৪ বছরের এই খরা কাটিয়ে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে চান ক্যারিবীয়দের কোচ ড্যারেন স্যামি। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই সিরিজ শুরু হবে।

এবারের সফর নিয়ে ড্যারেন স্যামি বলেন, ‘সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই এবার আমরা ভারত সফরে এসেছি। ২৪ বছর ধরে ওয়ানডে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই।’

 

ভারতের মাটিতে সর্বশেষ ২০০২ সালে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-৩ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর সেখানে সাতটি ওয়ানডে সিরিজ খেলে সব কটিতেই হেরেছে ক্যারিবীয়রা। সর্বশেষ ২০২২ সালে ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা।

 

এবারের সফরে অতীতের সেই হতাশাজনক রেকর্ড মুছে ফেলতে চান কোচ স্যামি। তিনি বলেন, ‘২৪ বছর ধরে আমরা ভারতে কোনো সিরিজ জিততে পারিনি। তাই এবারের ভারত সফর আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি, বর্তমান দলের খেলোয়াড়দের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সামর্থ্য আছে। আশা করছি, এই দলটি এবার ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে সক্ষম হবে।’

 

ভারতীয় কন্ডিশনকেও কোনো সমস্যা মনে করছেন না ওয়েস্ট ইন্ডিজ কোচ। তাঁর মতে, বর্তমান দলটির সবারই ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। স্যামি বলেন, ‘এই দলের বেশির ভাগ খেলোয়াড়ই আইপিএলে খেলেছে। ভারতের কন্ডিশন সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। তাই কন্ডিশন নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। আমরা যদি তিন বিভাগেই নিজেদের সেরা পারফরম্যান্স করতে পারি, তাহলে সাফল্য আসবেই।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন