খেলাধুলা, ফুটবল
প্রিমিয়ার লিগের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। আনা মোট ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই ক্লাবটিকে দোষী পেয়েছে একটি স্বাধীন কমিশন। এর ফলে নজিরবিহীন সংকটে পড়তে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা, যেখানে তাদের সামনে বড় ধরনের ক্রীড়াগত ও আর্থিক শাস্তির ঝুঁকি তৈরি হয়েছে। তবে শাস্তির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
২০১৮ সালে জার্মান সংবাদমাধ্যম ‘ডের স্পিগেল’-এ ফাঁস হওয়া তথ্যের ওপর ভিত্তি করে চার বছর ধরে তদন্ত চালায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ২০২৩ সালের শুরুতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। তদন্তের মূল বিষয় ছিল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্লাবের সঠিক আর্থিক তথ্য গোপন এবং খেলোয়াড় ও স্টাফদের পারিশ্রমিকের বিস্তারিত অসত্য উপস্থাপন।
এই সিদ্ধান্তের পর ম্যানচেস্টার সিটির একজন মুখপাত্র জানান, প্রিমিয়ার লিগের আইনি প্রক্রিয়া এখনও চলমান এবং তা কঠোর গোপনীয়তার অধীন। ফলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেওয়া অবস্থানের ওপরই ক্লাব অবিচল রয়েছে। ম্যান সিটি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের কাছে নির্দোষ প্রমাণের যথেষ্ট তথ্য রয়েছে বলে দাবি করেছে।
২০০৮ সালে শেখ মনসুরের মালিকানাধীন আবু ধাবি ইউনাইটেড গ্রুপ ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই আর্থিক বিতর্কের সূত্রপাত। এর আগে ২০২০ সালে উয়েফাও আর্থিক অনিয়মের অভিযোগে সিটিকে দুই বছরের জন্য নিষিদ্ধ ও জরিমানা করেছিল, যা পরে ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’ (সিএএস)-এ বাতিল হয়। তবে প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও অভিযোগ গঠনের সুযোগ থাকায় এবার ক্লাবটি চূড়ান্ত শাস্তির মুখে পড়তে যাচ্ছে।