সারা বাংলা
নেত্রকোণায় নিখোঁজের ৬ দিন পর মিলল নারীর মাটিচাপা মরদেহ

নেত্রকোণায় নিখোঁজের ছয়দিন পর নাজমা আক্তার খাতুন (৩৪) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত করতে গিয়ে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নাজমার সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজসংলগ্ন শ্মশানঘাটের পাশ থেকে হত্যার আলামত উদ্ধার করে পুলিশ। পরে নুরুল আমীনের বাড়ির পাশের ঢুকিয়ালী নদীর পাড় থেকে মাটিচাপা অবস্থায় নাজমার মরদেহ উদ্ধার করা হয়।
নুরুল আমীন সদর উপজেলার নগুয়া কুশলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, নাজমা নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ওই জিডির তদন্তে নাজমার নিখোঁজের ঘটনায় নুরুল আমীনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তদন্তের ধারাবাহিকতায় হত্যার আলামত ও মরদেহের সন্ধান মেলে।
পুলিশ বলছে, নাজমাকে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
ডিবিসি/এসডব্লিউএন