জাতীয়
নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি কয়েকটি দেশের সরকারপ্রধান ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, এসব বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে।
সফরকালে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং জাতিসংঘসহ বহুপাক্ষিক ফোরামে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। এর পরদিন ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন।
অধিবেশনের সাইডলাইনে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
পাশাপাশি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে বাংলাদেশ ও সুইডেনের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারির ভূমিকা জোরদার এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। নিউইয়র্ক সফরে অনুষ্ঠিত এসব দ্বিপক্ষীয় বৈঠক বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ককে আরও সম্প্রসারণের পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির সুযোগ তৈরি করছে।
ডিবিসি/এমএনকে