ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

জাতীয়

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানান, বাংলাদেশ এখন ব্যবসার জন্য পুরোপুরি উন্মুক্ত।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরকালে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তরে আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

রাজনীতিতে আসার আগে নিজের ব্যবসা শুরুর অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয় নীতি এবং প্রবৃদ্ধির উপযোগী সঠিক পরিবেশ সবচেয়ে বেশি প্রয়োজন। আয়োজক সংস্থা জেপি মর্গান এবং উপস্থিত ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা যেমন তাঁদের বিনিয়োগের স্বার্থ দেখেন, তেমনি একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করছেন। দায়িত্ব ভিন্ন হলেও উভয়ের মূল লক্ষ্য সাফল্য নিশ্চিত করা।

 

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, ১৮ কোটিরও বেশি মানুষের এই দেশে রয়েছে তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান। তৈরি পোশাক খাতের পাশাপাশি বর্তমানে জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, কৃষি ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। সরকারের লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা এবং দেশটিকে বৈশ্বিক উৎপাদন ও সেবা খাতের কেন্দ্রে নিয়ে যাওয়া।

 

এই লক্ষ্য অর্জনে সরকার বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তুলছে। এরই মধ্যে বিধিবিধান সহজ করা, বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা, কর ও ভ্যাট ব্যবস্থার উন্নয়ন এবং মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও অংশীদারত্ব আরও গভীর করার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গানের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এর ফলে দেশের পুঁজিবাজারকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করার নতুন সুযোগ তৈরি হয়েছে।

 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শুধু আশ্বাস নয়, নীতির কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই সরকার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়তে চায়। বিনিয়োগকারীদের যেকোনো প্রয়োজনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে তিনি জানান। সবশেষে, ব্যবসার সব বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়ে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন