আন্তর্জাতিক
হরমুজ নিয়ে ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে মার্কিন সামরিক বাহিনীর বোমাবর্ষণ অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা করছেন ট্রাম্প।
এর আগে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগেই এই চুক্তি কার্যকর হওয়াটা সবচেয়ে ইতিবাচক হবে এবং প্রস্তাবটি গ্রহণের সিদ্ধান্ত এখন পুরোপুরি ওয়াশিংটনের ওপর নির্ভর করছে। আরাঘচি সাফ জানিয়ে দেন, ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারসহ প্রস্তাবের শর্তগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না এবং কোনো চাপের কাছে ইরান তার সার্বভৌম অধিকার বিসর্জন দেবে না।
অন্যদিকে শুক্রবার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক বিষয়াদিসহ নানা বিষয়ে ইরানের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র যদি তাদের এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনেও নেয়, তবুও পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে তেহরান কোনো ধরনের নমনীয়তা দেখাবে না।
সূত্র: জেরুজালেম পোস্ট
ডিবিসি/পিআরএএন