ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

বিচারের আগেই যুক্তরাষ্ট্রে ১০ কোটি ডলারে সমঝোতা করল টিকটক, দোষী ফেসবুক

বিচারের আগেই যুক্তরাষ্ট্রে ১০ কোটি ডলারে সমঝোতা করল টিকটক, দোষী ফেসবুক

আন্তর্জাতিক

বিচারের আগেই যুক্তরাষ্ট্রে ১০ কোটি ডলারে সমঝোতা করল টিকটক, দোষী ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা নিয়ে প্রতারণার মামলায় বড় ধরনের আইনি ধাক্কার মুখে পড়েছে দুই প্রযুক্তি জায়ান্ট টিকটক ও ফেসবুক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আলাবামা অঙ্গরাজ্যে বিচার শুরুর মাত্র কয়েক দিন আগে ১০ কোটি ডলার (১০০ মিলিয়ন) জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তির সমঝোতায় পৌঁছেছে টিকটক।

একই দিনে নিউ মেক্সিকোর একটি আদালতে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ফেসবুক।

 

আলাবামা অঙ্গরাজ্যে বিচার শুরুর ঠিক আগমুহূর্তে প্রথমবারের মতো কোনো অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছাল টিকটক ও এর চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শালের করা মামলায় অভিযোগ আনা হয়েছিল, টিকটক ইচ্ছাকৃতভাবে তাদের প্ল্যাটফর্মটিকে আসক্তিকর হিসেবে তৈরি করেছে। 

 

অ্যাপটির অ্যালগরিদম কিশোর-কিশোরীদের সামনে ক্রমাগত সহিংস কনটেন্ট তুলে ধরে তরুণদের মধ্যে মারাত্মক মানসিক স্বাস্থ্য সংকট তৈরি করছে। এছাড়া অ্যাপের নিরাপত্তা এবং মার্কিন ব্যবহারকারীদের তথ্যে চীন সরকারের প্রবেশাধিকার নিয়েও জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়।

 

সমঝোতা অনুযায়ী, আগামী ৪৫ দিনের মধ্যে আলাবামাকে অন্তত ১০ কোটি ডলার পরিশোধ করবে টিকটক, যা শর্তসাপেক্ষে ৩০ কোটি ডলার পর্যন্ত হতে পারে। আর্থিক জরিমানার পাশাপাশি প্ল্যাটফর্মে পরিবর্তন আনতেও রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে অ্যাপে দৈনিক দুই ঘণ্টার ব্যবহার সীমা নির্ধারণ, প্রতি ১৫ মিনিট ব্যবহারের পর বিরতি এবং ব্যবহারকারীদের বয়স যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা। 

 

যুক্তরাষ্ট্রের আরও অন্তত ২৭টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে টিকটকের বিরুদ্ধে একই ধরনের মামলা চলমান রয়েছে। এর আগে শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারে সমঝোতা করেছিল টিকটক।

 

অন্যদিকে, নিউ মেক্সিকোর আদালতে মেটার মালিকানাধীন ফেসবুকের বিরুদ্ধে ৪ কোটি ৩০ লাখ বার ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জুরি বোর্ড। আলোচিত ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ কেলেঙ্কারির ঘটনায় প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরির বিষয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগে এই বিচার চলছিল। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও ব্রেক্সিটপন্থী গোষ্ঠীকে সহায়তা করতে এসব তথ্য ব্যবহার করেছিল বিলুপ্ত রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা।

 

জুরি বোর্ড জানিয়েছে, ওই কেলেঙ্কারির পর তৃতীয় পক্ষের তথ্য চুরির তদন্ত নিয়ে ফেসবুক জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং নিউ মেক্সিকোর ২০ লাখেরও বেশি মানুষের তথ্য সুরক্ষা নিয়ে মিথ্যা বিবৃতি দিয়েছে।

 

নিউ মেক্সিকোর বিচার বিভাগ এই রায়কে ভোক্তাদের জন্য একটি বড় বিজয় এবং বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। তবে রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে মেটার মুখপাত্র অ্যালেক্স বার্গোস নিজেদের অবস্থানের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে শিশু সুরক্ষাসংক্রান্ত এক মামলায় ১৮ বিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছিল মেটা।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন