সারা বাংলা
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকান থেকে ৮ ভরি স্বর্ণ লুট

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ক্রেতা ও দোকান থেকে মোট ৮ ভরি স্বর্ণালংকার এবং ২ থেকে ৩শ ভরি রুপা লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানমালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুরে হঠাৎ একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। এ ছাড়া দোকানের সিন্দুকের ড্রয়ারে রাখা আরও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার এবং ২ থেকে ৩শ ভরি রুপা লুট করে পালিয়ে যায়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এমএনকে