আন্তর্জাতিক
হুতিদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করল সৌদি জোট

সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের পক্ষ থেকে জানানো হয়, ক্ষেপণাস্ত্র দুটি সৌদির খামিস মুশাইত শহরের দিকে এবং ড্রোন দুটি রাজধানী রিয়াদের দিকে ছুটে যাচ্ছিল।
বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও সৌদি ভূখণ্ডের দিকে আসা যেকোনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জোটটি। এর আগে গত রাতে খামিস মুশাইত ও আবহা অঞ্চলে সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হলেও রিয়াদে এমন কোনো সতর্কতা দেওয়া হয়নি।
ইয়েমেনের উত্তরাঞ্চলসহ দেশটির সর্বাধিক জনবহুল এলাকার নিয়ন্ত্রণে থাকা হুতি বিদ্রোহীরা গত জুলাই মাসে রিয়াদের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকেই সৌদি আরবে নিয়মিত হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে সৌদি জাহাজগুলোর পাশাপাশি দেশটির বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তারা।
ডিবিসি/এসডব্লিউএন