সারা বাংলা
নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, বাবা নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ। তবে এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার বৈদ্যার বাজার এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করা হয়। মৃত তিন ভাই-বোন হলো হেলাল উদ্দিনের ছেলে সজীব, মেয়ে সামিয়া ও শিশুসন্তান সামিন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী ট্রলারে করে রওনা দেন। পথে বৈদ্যার বাজার এলাকায় মাঝনদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামের এক নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় একই পরিবারের চার সদস্য বাবা হেলাল উদ্দিন ও তার তিন সন্তান নদীতে নিখোঁজ হন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে আজ সকালে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর সদস্য হেলাল উদ্দিনের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।
ডিবিসি/এমএনকে