সারা বাংলা
চুয়াডাঙ্গায় প্রশাসনের অভিযানে ভেস্তে গেল গোপন বাল্যবিয়ের আয়োজন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে একটি বাল্যবিয়ের আয়োজন চলাকালে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলাম-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গোপনে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা প্রশাসন সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
অভিযানকালে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এ সময় কিশোরী অসুস্থবোধ করলে তাকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলাম-কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
ডিবিসি/এসডব্লিউএন