সারা বাংলা
কুষ্টিয়ায় কৃষক লীগ নেতাকে ছাড়াতে থানায় এসে আটক বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষক লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে এসে আটক হন বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বিএনপি’র আট নেতাকর্মী। পরে মুসলেকা নিয়ে উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিথলিয়া গ্রামের জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মো. মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামানিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রমানিক (৫০) ও বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং একই ইউনিয়নের বিএনপি সমর্থক হিসেবে পরিচিত শহীদুল ইসলাম (৫৩)।
মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ নামের এক যুবককে নাশকতা মামলায় আটক করা হয়। আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা মামলার আসামি হাফিজুর রহমানের আটকের খবর পেয়ে রাত ২টায় ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি থানায় হাজির হন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন এবং বারবার তদবির করতে থাকেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার ওই নাশকতা মামলার আসামিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তাদেরই আটক করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে আটককৃতদের মুসলেকা নিয়ে উভয় দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
ডিবিসি/এসডব্লিউএন