ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে বিশ্ববিদ্যালয়ে ‘ভূতের’ গুজবে মধ্যরাতে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

ভারতে বিশ্ববিদ্যালয়ে ‘ভূতের’ গুজবে মধ্যরাতে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

আন্তর্জাতিক, ভারত

ভারতে বিশ্ববিদ্যালয়ে ‘ভূতের’ গুজবে মধ্যরাতে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ভারতের পাঞ্জাবের পাতিয়ালায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ভূতের’ গুজবকে কেন্দ্র করে শুক্রবার রাতে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করতেও দেখা যায়।

পাতিয়ালার চিৎকারা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘ভূতের’ উপস্থিতির দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই এই উত্তেজনার সূত্রপাত হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শত শত শিক্ষার্থী গভীর রাতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

 

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে এক ছাত্রী আত্মহত্যা করেছেন এবং এখন তার প্রেতাত্মা হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছে। এ ছাড়া ছাত্রীদের হোস্টেল থেকে চিৎকারের শব্দ শোনা গেছে বলেও দাবি করেন তারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

 

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট জানিয়েছে, হোস্টেলে কোনো আত্মহত্যা বা মৃত্যুর ঘটনা ঘটেনি। বিবৃতিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো তথ্যগত ভিত্তি বা সত্যতা নেই।’

 

কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল থেকে ফিরে আসা এক শিক্ষার্থীর জন্য বৃহস্পতিবার ভোরের দিকে হোস্টেলে একটি অ্যাম্বুলেন্স এসেছিল। এই ঘটনার সঙ্গে কোনো মৃত্যু বা আত্মহত্যার সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে প্রশাসন।

 

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে ছাত্রীদের হোস্টেলে একজন ‘পণ্ডিতজি’ (পুরোহিত) গিয়েছিলেন বলে যে দাবি করা হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

বিবৃতিতে বলা হয়, ‘তিনি হোস্টেলে এসেছিলেন ঠিকই, তবে অনলাইনে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ওই ব্যক্তি বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তার মেয়ের সঙ্গে দেখা করতে হোস্টেলে এসেছিলেন। তার আসার সঙ্গে কোনো কথিত মৃত্যু বা আত্মহত্যার বিন্দুমাত্র সম্পর্ক নেই।’

 

সামাজিক যোগাযোগমাধ্যমের যাচাইবিহীন রিল, পোস্ট বা বার্তার ওপর নির্ভর না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা বলেছে, সত্যতা যাচাই না করে এ ধরনের তথ্য ছড়ানো হলে তা শিক্ষার্থী ও তাঁদের পরিবারের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি করে এবং ক্যাম্পাসের ঘটনাপ্রবাহ সম্পর্কে ভুল ধারণা দেয়।

 

পরিস্থিতি শান্ত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে যান। তারা জানান, দুই ছাত্রী নিখোঁজ রয়েছেন বলে শিক্ষার্থীরা দাবি করছেন।

 

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তাদের অভিযোগ গ্রহণ করেছি। কিন্তু ঠিক কে নিখোঁজ রয়েছেন, তা কেউই জানেন না। এমনকি নিখোঁজ কোনো ছাত্রীর নামও তারা বলতে পারছেন না। তবুও দুই ছাত্রী নিখোঁজ হওয়ার একটি গুজব ছড়িয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমরা শিক্ষার্থীদের অভিযোগ নিয়েছি এবং তা তদন্ত করে দেখব। আমরা প্রত্যেক শিক্ষার্থীর তথ্য যাচাই করব। সত্যিই কেউ নিখোঁজ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন