আন্তর্জাতিক, ইউরোপ
ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে নতুন জ্বালানি সংকটের শঙ্কা, গ্যাস মজুত বাড়াতে বলল ইইউ

ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা বাড়ায় নতুন করে জ্বালানি মূল্য সংকটের মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরিস্থিতি মোকাবিলায় সদস্যদেশগুলোকে এখন থেকেই গ্যাস ও বিদ্যুতের চাহিদা কমানোর উদ্যোগ বিবেচনার আহ্বান জানিয়েছেন ইইউর জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন।
ইউরোপীয় দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের কাছে শুক্রবার পাঠানো এক চিঠিতে তিনি বলেন, বর্তমান সংকট মূলত জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হওয়ার সঙ্গে সরাসরি যুক্ত। তার ভাষায়, ইউরোপ এখন এমন এক মূল্য সংকটের মুখোমুখি, যার পেছনে রয়েছে সরবরাহ ঘাটতির আশঙ্কা।
জর্গেনসেন উল্লেখ করেন, ২০২১ সালের শীতের তুলনায় এবার ইউরোপ পরিস্থিতি মোকাবিলায় তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। সে সময় রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় মহাদেশজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছিল। তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং তেল-গ্যাসের বাজারে অনিশ্চয়তা বিবেচনায় আসন্ন শীতের জন্য আগাম প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন বলে সতর্ক করেন তিনি।
চিঠিতে সদস্যদেশগুলোকে গ্যাসের মজুত বাড়ানোর প্রক্রিয়া সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যতদিন প্রয়োজন গ্যাস ও বিদ্যুতের ব্যবহার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইইউর জ্বালানি কমিশনারের এই সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যবস্থা এবং বাজারমূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ইউরোপের শিল্প, ব্যবসা ও সাধারণ ভোক্তার ওপর বাড়তি মূল্যচাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
সূত্র: ডন
ডিবিসি/এসএফএল