জাতীয়
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশে ও বিদেশে শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হচ্ছে।
শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই তথ্য জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
অধ্যাপক ড. মামুন বলেন, বিশ্বায়নের এই যুগে একটি অতিরিক্ত ভাষার দক্ষতা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগের পথ সুগম করে। ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ম্যান্ডারিন, জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবিসহ তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সেই লক্ষ্য বাস্তবায়নে সব বিভাগীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করে তৃতীয় ভাষা কেন্দ্র স্থাপনের কাজ করছে ইউজিসি। এই কার্যক্রমে দেশি-বিদেশি ভাষা বিশেষজ্ঞ ও আধুনিক শিক্ষণ উপকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হবে, যেখানে অগ্রাধিকারপ্রাপ্ত ভাষা হিসেবে ম্যান্ডারিন শিক্ষার প্রসারে চীনা দূতাবাসের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বৃত্তি, যৌথ ডিগ্রি, শিক্ষার্থী-শিক্ষক বিনিময় ও গবেষণার বিস্তৃত সুযোগ পাবেন। বিশেষ করে বাণিজ্য, প্রযুক্তি, প্রকৌশল ও অবকাঠামো খাতে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে ভাষাগত ও আন্তঃসাংস্কৃতিক দক্ষতা তরুণ স্নাতকদের আন্তর্জাতিক চাকরির বাজারে এগিয়ে রাখবে। এ ছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু, কৃষি ও জনস্বাস্থ্যের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে যৌথ গবেষণা জোরদার করা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি গবেষক-শিক্ষাবিদদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করে 'ব্রেইন ড্রেইন'কে 'ব্রেইন সার্কুলেশনে' রূপান্তরের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিসি ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন। এতে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান চাওছি এবং বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ আমন্ত্রিত শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।