আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
বয়স না হওয়ায় বিয়েতে বাধা, বাবার মাথায় গুলি; মাকেও হত্যার চেষ্টা

ভারতের চণ্ডীগড়ে প্রেমিকাকে দ্রুত বিয়ে করতে না দেওয়ায় নিজের পুলিশ সদস্য বাবাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ১৮ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি মাকেও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চণ্ডীগড়ের সেক্টর ২২ এলাকার সরকারি আবাসনে।
নিহত নিতিন সিংহ চণ্ডীগড় পুলিশের সদর দপ্তরের হিসাব শাখায় হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, তার মাথায় গুলির আঘাত ছিল। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, নিতিনের ছেলে আরমান নিজের প্রেমিকাকে অবিলম্বে বিয়ে করতে চেয়েছিলেন। তবে ভারতে পুরুষের বৈধ বিয়ের বয়স ২১ বছর হওয়ায় বাবা-মা তাকে অপেক্ষা করতে বলেন। এ নিয়ে বৃহস্পতিবার পরিবারের মধ্যে তীব্র বিরোধ হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আরমান তার মাকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন। তবে তিনি নিজেকে ছাড়িয়ে বাড়ির ছাদে উঠে প্রতিবেশীদের কাছে সাহায্য চান। পরে আরমান দাবি করেন, অজ্ঞাত কেউ বাড়িতে ঢুকে তার বাবাকে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি পাওয়ার পর সন্দেহ ঘনীভূত হয়।
পুলিশ আরও জানিয়েছে, প্রেমিকাকে বাড়িতে তুলে আনার দাবির পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে বাবা-মায়ের কাছে অর্থও চাইতেন আরমান। তদন্তকারীদের দাবি, বাবার মৃত্যুর পর তার আচরণে অনুশোচনার ছাপ দেখা যায়নি।
আরমান এর আগে একটি জোড়া হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান। বর্তমান ঘটনায় তাকে কেন্দ্র করে তদন্ত চলছে।
সূত্র: আনন্দবাজার
ডিবিসি/এসএফএল