সারা বাংলা
কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয়: ধর্মমন্ত্রী

মুরাদনগরে সড়ক সংস্কারকাজে কোনো ধরনের অনিয়ম ও চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, সড়কের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে। মুরাদনগরে কাউকে কোনো চাঁদা বা ঘুষ দিতে হবে না। কেউ চাঁদা বা ঘুষ দাবি করলে তাকে সরাসরি থানায় সোপর্দ করার নির্দেশ দেন তিনি, অন্যথায় বিষয়টি তাকে অবগত করতে বলেন। মুরাদনগরকে চাঁদাবাজ, ঘুষ ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
২৬ সেপ্টেম্বর সকালে মুরাদনগর টু রামচন্দ্রপুর, বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের উন্নয়ন কাজের ভার্চ্যুয়াল উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুরাদনগরের ছয়বারের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ বলেন, আল্লাহর রহমতে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার কারণেই আজ এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারকাজ সম্ভব হচ্ছে। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই মুরাদনগরের বহু রাস্তা সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ষড়যন্ত্র থেকে হেফাজতের জন্য সবার কাছে দোয়া চান।
নিজেকে জনগণের সেবক উল্লেখ করে মন্ত্রী বলেন, আল্লাহ কুদরতিভাবে মামলা থেকে মুক্ত করে ইজ্জতের সঙ্গে দেশে ফিরিয়ে এনেছেন এবং জনগণ আবারও তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। তিনি নিজেকে ‘মন্ত্রী’ না ভেবে জনগণের ‘কামলা’ হিসেবে পরিচয় দিয়ে আজীবন মানুষের সেবা করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। সংশ্লিষ্ট ঠিকাদারের কাজের সফলতা কামনা করে তিনি স্থানীয়দের কাজে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, রাস্তাটি ভালো হলে এবং মানুষ স্বস্তিতে চলাচল করতে পারলে তার সওয়াব বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সবাই পাবে।
তিনি অভিযোগ করে বলেন, কোম্পানিগঞ্জ-নবীনগর সড়ক ছাড়া সড়ক ও জনপথের আওতাধীন মুরাদনগরের সব রাস্তাই তার হাত দিয়ে হয়েছে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে নতুন কোনো রাস্তা হয়নি, এমনকি আগের সড়কগুলোর সংস্কারও করা হয়নি। তিনি অন্যায়, মাদক ও দুর্নীতিমুক্ত এবং সাধারণ ও গরিব মানুষের অধিকারের এক মুরাদনগর প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
একসময় বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে হেঁটে চলাচলের একমাত্র ভরসা থাকা কামাল্লা-রামচন্দ্রপুর ইউনিয়নবাসীর দুঃখ লাঘবে এই সড়কটি নির্মাণ ও পাকা করেছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। পরবর্তীতে বিগত আওয়ামী লীগের ১৭ বছরে সড়কটি সংস্কার না হওয়ায় এটি মরণফাঁদে পরিণত হয়েছিল। অবশেষে সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় জনতা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সভাপতি সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ এবং ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান প্রমুখ। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের ভোগান্তি দূর করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটবে।