আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
বিমানসেবিকা হওয়ার পথ ছেড়ে হিমাচলের প্রথম নারী ট্রাকচালক নেহা

শৈশব থেকেই ট্রাকের প্রতি ছিল আলাদা টান। সেই আগ্রহই একসময় পেশায় পরিণত করেন হিমাচল প্রদেশের তরুণী নেহা ঠাকুর। বিমানসেবিকা হওয়ার প্রশিক্ষণ নিয়েও শেষ পর্যন্ত তিনি বেছে নেন ট্রাক চালানোর জীবন। এখন তিনি পরিচিত হিমাচল প্রদেশের প্রথম নারী ট্রাকচালক হিসেবে।
হিমাচলের মন্ডীতে জন্ম নেওয়া নেহার বাবা মনোজ ঠাকুর দীর্ঘদিন ধরে ট্রাকচালক। ছোটবেলায় বাবার সঙ্গে নিয়মিত ট্রাকে যাতায়াত করতেন নেহা। কখনও স্কুলে যাওয়া, কখনও দীর্ঘ পথের সফর-ট্রাকের সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে খুব অল্প বয়সেই।
স্নাতক শেষে চণ্ডীগড়ে গিয়ে বিমানসেবিকার প্রশিক্ষণ নেন নেহা। তবে করোনাভাইরাস মহামারিতে বিমান খাত বিপর্যস্ত হয়ে পড়লে তিনি নিজ শহরে ফিরে আসেন। এরপর বাবার কাছেই ট্রাক চালানোর প্রশিক্ষণ নিয়ে ২০২২ সালে পেশাগতভাবে যাত্রা শুরু করেন। তখন তার বয়স ছিল ২১ বছর।
বর্তমানে ১২ টনের ট্রাক চালিয়ে বিভিন্ন রাজ্যে নির্মাণসামগ্রী ও কৃষিপণ্য পরিবহণ করেন নেহা। পাহাড়ি সরু সড়ক, কুয়াশা, বৃষ্টি কিংবা দুর্গম পথ সবকিছুকেই পেশার অংশ হিসেবেই দেখেন তিনি।
ট্রাক চালানোর পাশাপাশি নিজের যাত্রাপথের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয়তা পেয়েছেন নেহা। তার দৈনন্দিন কাজ, পাহাড়ি রাস্তা ও পণ্য পরিবহণের দৃশ্য নিয়ে তৈরি ভিডিও লাখো দর্শকের কাছে পৌঁছেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আয় করলেও নেহা নিজেকে প্রভাবশালী কনটেন্ট নির্মাতার চেয়ে ট্রাকচালক হিসেবেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সূত্র: আনন্দবাজার
ডিবিসি/এসএফএল