সারা বাংলা
মাদারীপুরে শোডাউনের সময় প্রাইভেটকারের মুখোমুখি মোটরসাইকেল বহর, আহত ১৫

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল বহরের দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা সাতটার দিকে শিবচর উপজেলার কুতুবপুরের সীমানা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিবচরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে একদল তরুণ শোডাউনের উদ্দেশ্যে বের হয়।
প্রতিটি মোটরসাইকেলে দুজন করে আরোহী ছিল এবং তাদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। সন্ধ্যা সাতটার দিকে সার্ভিস লেনে মোটরসাইকেলগুলো এলোপাতাড়ি চালানোর সময় বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার চলে আসে। এতে সামনে থাকা কয়েকজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। এ সময় পেছনে থাকা প্রায় ২০টি মোটরসাইকেল একে অপরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে আছড়ে পড়ে।
এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হন। তাদের মধ্যে আটজন চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।