সারা বাংলা
নামাজ ও দুপুরের খাবারের ফাঁকে মসজিদের সামনে থেকে উধাও অটোরিকশা, নিঃস্ব চালক

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মসজিদের সামনে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের দক্ষিণ গড়িয়াইশ এলাকার মমতাজুল হক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জীবিকার একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চালক মো. মুমিনুল ইসলাম।
তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের মকবুল সওদাগর বাড়ির মো. হানিফের ছেলে।
জানা গেছে, মুমিনুল ইসলাম দীর্ঘ ৬ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালিয়ে আসছেন। শনিবার দুপুরে তিনি মমতাজুল হক মসজিদের সামনে অটোরিকশাটি রেখে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হয়ে গাড়িটি যথাস্থানে দেখতে পেয়ে তিনি দুপুরের খাবার খেতে বাড়ি যান। খাবার খেয়ে ফিরে এসে দেখেন অটোরিকশাটি আর নেই। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান মেলেনি।
ভুক্তভোগী মুমিনুল ইসলাম জানান, ছয় বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি অটোরিকশাটি কিনেছিলেন। এই উপার্জনেই তার মা-বাবা, স্ত্রী ও সন্তানসহ পুরো পরিবার চলত। গাড়িটি হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। এ ঘটনায় তিনি মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও দাবি করেন।
স্থানীয় বাসিন্দা জিয়া উল হক বলেন, মুমিনুল ইসলাম একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি। অটোরিকশাটি চালিয়ে তার সংসার চলত। উপার্জনের একমাত্র অবলম্বনটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম বিপদে পড়েছে।
এদিকে অটোরিকশা চুরির বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।