সারা বাংলা
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।
এসআরবি-৬ জানায়, বিশু মন্ডল ইতালি পাঠানোর কথা বলে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্টসহ প্রথমে ২ লাখ ও পরে আরও ১২ লাখ টাকা নেন। ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে দুবাই ও মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে বিশুর সহযোগীরা তাকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেয়।
অভিযোগে বলা হয়, মাফিয়া চক্র ভুক্তভোগীকে শারীরিক নির্যাতন করে ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে দুই দফায় মোট ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে।
এ ঘটনায় ভুক্তভোগী গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ করলে আদালতের নির্দেশে মুকসুদপুর থানায় মামলা হয়।
এসআরবি-৬ আরও জানিয়েছে, বিশু মন্ডলের বিরুদ্ধে আগেও মানবপাচার ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।