ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বগুড়ায় ডোবা থেকে মরদেহ ও অটোরিকশা উদ্ধার

বগুড়ায় ডোবা থেকে মরদেহ ও অটোরিকশা উদ্ধার

সারা বাংলা

বগুড়ায় ডোবা থেকে মরদেহ ও অটোরিকশা উদ্ধার

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

বগুড়ার কাহালুতে একটি গ্রামীণ সড়ক সংলগ্ন ডোবা থেকে আনুমানিক চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেলঘড়িয়া বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি ওই অটোরিকশাচালকের হতে পারে। শিশুসহ এক দম্পতি যাত্রীবেশে অটোরিকশাটি ভাড়া নেওয়ার পর ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে অতিরিক্ত চেতনানাশক খাইয়ে হত্যা করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা পুলিশকে ফোনে জানান সন্তানসহ এক নারী সড়কের পাশে দাঁড়িয়ে দাবি করছেন তার স্বামীকে খুঁজে পাচ্ছেন না। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা জানান, ওই নারীর স্বামী ফিরে এসেছেন এবং তারা চলে গেছেন। এর প্রায় এক ঘণ্টা পর ওই এলাকার একটি ডোবায় মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ।

 

পরে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে এবং পাশে পড়ে থাকা অটোরিকশাটি জব্দ করে।

ওসি আরও জানান, অটোরিকশা ছিনতাই চক্রের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। নিহতের পরিচয় ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন