ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ইউরোপ

ইতালিতে অগ্ন্যুৎপাত: ৪ কিলোমিটার উঁচুতে ছাই, কাতানিয়ায় ফ্লাইট স্থগিত

ইতালিতে অগ্ন্যুৎপাত: ৪ কিলোমিটার উঁচুতে ছাই, কাতানিয়ায় ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক, ইউরোপ

ইতালিতে অগ্ন্যুৎপাত: ৪ কিলোমিটার উঁচুতে ছাই, কাতানিয়ায় ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া বিমানবন্দরে শনিবার মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ছাইয়ের কারণে সব আগত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত কোনো ফ্লাইট সেখানে অবতরণ করতে পারবে না। অগ্ন্যুৎপাতের পর জারি করা হয় বিমান চলাচলের ‘রেড এভিয়েশন ওয়ার্নিং’।


ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিকস অ্যান্ড ভলকানোলজির (আইএনজিভি) তথ্য অনুযায়ী, এটনার উত্তর-পূর্ব জ্বালামুখে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হলে ছাইয়ের কুণ্ডলী প্রায় চার কিলোমিটার বা আড়াই মাইল উচ্চতায় ওঠে। সেই ছাইয়ের প্রভাবে বিমান চলাচল নিয়ন্ত্রিত হয় এবং বিমানবন্দরের আকাশসীমার সি১ সেক্টর বন্ধের সিদ্ধান্ত আসে। এতে অবতরণ ও উড্ডয়ন—উভয় ক্ষেত্রেই বিধিনিষেধ আরোপ করা হয়।


পুরোপুরি স্থগিতের আগে কাতানিয়া বিমানবন্দরে প্রতি ঘণ্টায় মাত্র চারটি ফ্লাইট অবতরণের অনুমতি ছিল। স্বাভাবিক সময়ে সেখানে প্রতি ঘণ্টায় ১২টি ফ্লাইট অবতরণ করে। সীমিত আকারে কার্যক্রম চালানোর সময়েই বিভিন্ন ফ্লাইটের গন্তব্য বদলাতে হয়। শুরুতে আগত ফ্লাইটের ওপর স্থগিতাদেশের ঘোষণা দেওয়া হলেও সি১ সেক্টর বন্ধ হওয়ার পর কোনো ফ্লাইটকে উড্ডয়ন বা অবতরণের অনুমতি দেওয়া হয়নি।


পূর্ণ স্থগিতাদেশ কার্যকরের আগে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালারমো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোতে অবতরণের জন্য ঘুরিয়ে দেওয়া হয়। ভোলোটেয়ার একটি ফ্লাইটও কোমিসোতে পাঠানো হয়। পরে বিমানবন্দরের অপারেশনাল কোঅর্ডিনেশন ইউনিট সি১ সেক্টর বন্ধ করে সেখানে কোনো উড্ডয়ন বা অবতরণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন