সারা বাংলা
মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে

পরিবারের সচ্ছলতা ফেরাতে তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তরুণ শরিফুল ইসলাম ফকির (২৬)।
তবে নির্মাণাধীন প্রকল্পে মাটিধসে প্রাণ হারিয়ে শেষ পর্যন্ত কফিনবন্দি হয়ে দেশে ফিরতে হলো তাকে।
গত ১৪ সেপ্টেম্বর সকালে মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করার সময় মাটিচাপায় নিহত হন শরিফুল। মৃত্যুর আগের রাতেও পরিবারের সঙ্গে কথা বলে কোরবানির ঈদে বাড়ি ফিরে বিয়ে করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে এখন দিশেহারা স্বজনরা।
গত ১৬ সেপ্টেম্বর চ্যানেল এস-এ শরিফুলের মৃত্যুর খবর প্রচার হলে বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের। পরে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছায়। শনিবার কফিনবন্দি মরদেহ নিজ গ্রাম টুঙ্গিপাড়ার বর্ণিতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। পরে জানাজা শেষে শরিফুলকে স্থানীয় বর্ণি পূর্বপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।