আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
দুই শাবককে জড়িয়ে ধরে পড়ে আছে মা হাতির নিথর দেহ

ভারতের পশ্চিম মেদিনীপুরের শালবনিতে দুই শাবক-সহ তিনটি হাতির দেহ উদ্ধার হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকায় দেহগুলি দেখতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের আধিকারিকেরা। তারা মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছেন।
মাঠে মা হাতির নিথর দেহের সঙ্গে পড়ে ছিল তার দুই শাবকের দেহ। প্রাথমিক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরেই তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতির দলটি গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। সেখানে চাষের জমিতে জল দেওয়ার জন্য একটি বিদ্যুৎচালিত পাম্প বসানো ছিল। ওই পাম্পের বিদ্যুতের তার জমির উপর দিয়ে গিয়েছিল। অনুমান, সেই তারের সংস্পর্শে এসেই মা হাতি ও তার দুই শাবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। তবে ঠিক কী ভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তেই জানা যাবে।
জঙ্গলমহলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। ফসল রক্ষার জন্য কোনও কোনও কৃষক জমি বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখেন বলে অভিযোগ রয়েছে। অতীতেও এমন তারের সংস্পর্শে এসে হাতির মৃত্যুর ঘটনায় হইচই হয়েছিল। এ বারের ঘটনায় জমির উপর দিয়ে যাওয়া পাম্পের বিদ্যুতের তারের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন বন দপ্তরের আধিকারিকেরা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তিনটি হাতির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তারা।
সূত্র: আনন্দবাজার
ডিবিসি/এসএফএল