আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
গোয়াল ঘরে ১৫ ফুট লম্বা কুমির, কাঁধে তুলে সরালেন গ্রামবাসীরা

ভারতের ওড়িশার কেন্দ্রপাড়া জেলার বাগাগহন গ্রামের একটি গোয়ালে ঢুকে পড়েছিল বিশাল এক কুমির। গরুগুলোর অস্বাভাবিক আচরণ দেখে গোয়ালের মালিক সেখানে যান। গরুর মাঝেই কুমিরটিকে বসে থাকতে দেখে তিনি হতবাক হন। খবর ছড়িয়ে পড়লে গ্রামে আতঙ্ক তৈরি হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুমিরটি প্রায় ১৫ ফুট লম্বা। গোয়ালে সেটিকে দেখার পর বন দপ্তরে খবর দেওয়া হয়েছিল। তবে বনকর্মীদের পৌঁছাতে দেরি হওয়ায় গ্রামবাসীরা নিজেরাই কুমিরটিকে জনবসতি থেকে সরানোর সিদ্ধান্ত নেন। বিপদের আশঙ্কা সত্ত্বেও তারা কুমিরটির শরীর দড়ি দিয়ে বেঁধে দেন এবং মুখ কাগজ দিয়ে ঢেকে রাখেন। এরপর ১০ থেকে ১২ জন মিলে সেটিকে কাঁধে তুলে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যান।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গ্রামবাসীদের কাঁধে কুমির বহন করতে দেখা যায়। কুমির বহনকারীদের মুখে ভয়ের ছাপও দেখা যায় না। ভিডিওর আরেক অংশে বন দপ্তরের কর্মীদের উপস্থিতিতে কুমিরটিকে জলাশয়ে ছাড়ার দৃশ্য রয়েছে। সেখানে এক তরুণ জাল দিয়ে প্রাণীটির মুখ ঢেকে ধরে রেখেছেন।
বনকর্মীরা এসে গ্রামবাসীদের এই উদ্যোগের কথা শুনে বিস্মিত হন। পরে বন দপ্তর কুমিরটিকে ভিতরকনিকায় ছেড়ে দেয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনায় কুমিরটি আঘাত পায়নি; গ্রামের কেউ আহত হননি বলেও জানা গেছে।
সূত্র: আনন্দবাজার
ডিবিসি/এসএফএল