ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

ভারী বৃষ্টিতে প্লাবিত ব্যাংকক, ক্ষতিগ্রস্ত ৫২ হাজার পরিবার

ভারী বৃষ্টিতে প্লাবিত ব্যাংকক, ক্ষতিগ্রস্ত ৫২ হাজার পরিবার

আন্তর্জাতিক, এশিয়া

ভারী বৃষ্টিতে প্লাবিত ব্যাংকক, ক্ষতিগ্রস্ত ৫২ হাজার পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ব্যাংককে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে গেছে। থাইল্যান্ডের রাজধানীতে প্রায় ৪ হাজার ৯০০ মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫২ হাজার পরিবার। নগরজুড়ে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন (বিএমএ)।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত শহরের কোনো কোনো এলাকায় ৩৩০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। রবিবার সকালে খালগুলোর পানির উচ্চতা বেশি থাকায় দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছিল কর্তৃপক্ষ। সেদিন আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়; সোমবার থেকে তা কমতে পারে।


শহরের পূর্বাঞ্চলে হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে বাসিন্দাদের। প্লাস্টিকের গামলায় ভাসিয়ে অনেকে জিনিসপত্র সরিয়েছেন। কয়েকটি সড়ক তখনো প্লাবিত থাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট। সোমবার কয়েক শ বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিএমএ।


রাজধানীর উপকণ্ঠে প্রেমপ্রাচাকর্ন খালের পাশে বসবাসকারী কোসিন নিলসেট জানান, তার বাড়ি প্রায় ৩০ ঘণ্টা পানির নিচে ছিল। তার মতে, সেখানে পানির উচ্চতা ২০১১ সালের বন্যার চেয়েও বেশি। পরিবারের সদস্যরা জিনিসপত্র উঁচুতে তুললেও নিচতলা ভিজে যায়।


খালপাড়ের আরেক বাসিন্দা থিদারাত সিলসুয়ান জানান, বাড়ি আংশিক ডুবে যাওয়ায় দুই দিন ধরে তিনি টেবিলের ওপর ঘুমাচ্ছেন। জিনিসপত্র উদ্ধারের জন্য তিনি আশ্রয়কেন্দ্রে যাননি।


শনিবার রাতে খেহা রোমক্লাও এলাকার একটি বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন গভর্নর। সেখানে প্রায় এক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। সপ্তাহান্তে কেনাকাটার চাপে কিছু দোকানের তাক ফাঁকা হয়ে যায়। আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা না করতে এবং বেশি দামে পণ্য না বিক্রি করতে সতর্ক করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।


সূত্র: গালফ নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন