আন্তর্জাতিক, এশিয়া
নেপালে হিমলুং হিমালের বেস ক্যাম্পে তুষারধস, নিখোঁজ ১০

নেপালের পশ্চিমাঞ্চলে তিব্বত সীমান্তসংলগ্ন হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্পে তুষারধসের পর অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। অভিযানের আয়োজকেরা জানিয়েছেন, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা বিভিন্ন অভিযাত্রী দলের সঙ্গে যুক্ত ছিলেন।
অভিযান আয়োজক মিংমা গ্যালজে শেরপা জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে তার দলের রান্নাঘরের দুই কর্মী রয়েছেন। গত সপ্তাহে আবহাওয়ার সতর্কতা জারির পর অভিযাত্রী ও দড়ি স্থাপনকারী দলগুলো পর্বতের ঢাল থেকে সরে যায়। তবে কয়েকজন সেখানে থেকে গিয়েছিলেন।
টানা কয়েক দিনের ভারী তুষারপাতের কারণে পর্বতটিতে শরৎকালীন আরোহণের চেষ্টা ছেড়ে নিচে নেমে আসতে বাধ্য হন পর্বতারোহীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বেস ক্যাম্পে তুষারধসের ঘটনা ঘটল। মানাং জেলার ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমালে হেলিকপ্টার চালাতে অতিরিক্ত অনুমতি প্রয়োজন হয়। ফলে দুর্গম এলাকায় পৌঁছানোর কাজ আরও কঠিন হয়ে পড়েছে। উচ্চতার অভিজ্ঞতা অর্জনে আগ্রহী পর্বতারোহীদের কাছে শৃঙ্গটি জনপ্রিয়।
বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবে নেপালের পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত এবং পাহাড়ের নিচের অঞ্চল ও সমতলে অবিরাম বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে প্রতিকূল আবহাওয়ায় দেশটির বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রেখেছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় পর্যটন কর্তৃপক্ষ পর্বতারোহী ও ট্রেকারদের কার্যক্রম স্থগিত রাখতে বলেছে। দেশটির পর্যটন বিভাগও পর্যটন কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে। বৃষ্টি ও তুষারপাতের কারণে কয়েকটি ট্রেকিং পথে চলাচল ব্যাহত হয়েছে; মানাসলু ও ধৌলাগিরিতে বড় অভিযান বাতিল বা স্থগিত হয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল