ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

মণিপুরে সশস্ত্র হামলায় নিহত ২, গুরুতর আহত আরও কয়েকজন

মণিপুরে সশস্ত্র হামলায় নিহত ২, গুরুতর আহত আরও কয়েকজন

আন্তর্জাতিক, ভারত

মণিপুরে সশস্ত্র হামলায় নিহত ২, গুরুতর আহত আরও কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মণিপুরে সশস্ত্র হামলায় দুই নাগা ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। অভিযোগ, কয়েক জন সশস্ত্র ব্যক্তি কালেঞ্জাং গ্রামের প্রধানের বাড়িতে হামলা চালায়। সেখানেই গুলিবিদ্ধ হন চার জন।

নিহতদের নাম রকি ও কুমার। তারা সেনাপতি জেলার অন্য দুই গ্রামের বাসিন্দা। আহত আদানি মানিও ও আশিহো সানিকে চিকিৎসার জন্য সেনাপতি জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর। ঘটনার কিছু পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। কী কারণে এই হামলা, তা এখনও জানা যায়নি।


স্থানীয় সূত্রের দাবি, হামলার নেপথ্যে কুকি উপজাতির সদস্যেরা রয়েছেন। তবে অভিযোগের বিষয়ে পুলিশ আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংহের দফতর বিবৃতিতে হামলার নিন্দা করেছে। মুখ্যমন্ত্রী নিরীহ মানুষের প্রাণহানিকে কাপুরুষতার নিদর্শন বলে উল্লেখ করেছেন। শনিবার তিনি মাও এলাকায় মারামের ডন বস্কো কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন।


এর আগে ২৪ সেপ্টেম্বর ভারত-মায়ানমার সীমান্তবর্তী কামজং জেলায় আর একটি হামলায় গুলিবিদ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়। পর পর হামলার ঘটনায় নাগা বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নাগা সামাজিক সংগঠনগুলি।


এদিকে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনার পর শনিবার অর্থনৈতিক বন্‌ধ সাময়িক প্রত্যাহার করেছে ইউনাইটেড নাগা কাউন্সিল। মে মাসে অপহরণের পর ছ’জন নাগা ব্যক্তিকে হত্যার ঘটনায় ওই বন্‌ধ ডাকা হয়েছিল। হামলা বন্ধে কুকি সশস্ত্র দলগুলির সঙ্গে সমঝোতা, উপমুখ্যমন্ত্রী নেমচা কিপজেনের পদত্যাগ ও মে মাসের হামলার বিচার তাদের দাবির মধ্যে রয়েছে। কুকি ন্যাশনাল ফ্রন্ট-প্রেসিডেন্টকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণার দাবিও জানিয়েছে তারা।


সূত্র: আনন্দবাজার


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন