আন্তর্জাতিক, অন্যান্য
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ২৭

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম দুই শহরের কাছে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে জোহানেসবার্গ ও কেপটাউনের কাছাকাছি এলাকায় হামলা দুটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুই ঘটনার কোনোটিতেই এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপের একটি বারে শনিবার রাতে আটজন হামলাকারী গুলি চালায়। তাদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস। ওই হামলায় ১৭ জন নিহত এবং অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সন্দেহভাজনদের খোঁজে পুলিশ তৎপর রয়েছে।
অন্য হামলাটি ঘটে রবিবার রাত প্রায় একটার দিকে কেপটাউনের কাছে লওয়ান্ডলে এলাকার একটি দোকানে। সেখানে গুলিতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একাধিক সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। তবে হামলাকারীর সংখ্যা কত, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
এর কয়েক দিন আগে দেশটির পূর্ব উপকূলীয় শহর ডারবানের কাছে একটি বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে তিন বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে সহিংস অপরাধের হার বেশি। তবে একই সপ্তাহে পরপর এমন গণগুলির ঘটনা দেশটির জন্যও উদ্বেগজনক হয়ে উঠেছে। পুলিশের পৃথক বিবৃতিতে সর্বশেষ দুই হামলায় হতাহতের সংখ্যা এবং সন্দেহভাজনদের খোঁজের কথা জানানো হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসএফএল