ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টেকনাফে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ রোহিঙ্গা আটক

টেকনাফে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ রোহিঙ্গা আটক

সারা বাংলা

টেকনাফে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

 

আটক ব্যক্তিরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল ও ইউনুসের ছেলে মো. আনসার আলী এবং নয়াপাড়া মৌচনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম।

 

বিজিবি জানায়, লেদা বাজার হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তরের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি দল সকাল ১০টার দিকে ওই এলাকায় অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে একটি ইজিবাইকে করে তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে এলাকাটি অতিক্রম করতে দেখে থামার সংকেত দেওয়া হয়। এ সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা বস্তার ভেতর ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করে বিজিবি।

 

পরে অধিকতর তল্লাশির জন্য ইজিবাইকসহ ওই তিনজনকে লেদা বিজিবি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অস্ত্রের চালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন