ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

সীমান্তে ২৮ পাকিস্তানি যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

সীমান্তে ২৮ পাকিস্তানি যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

আন্তর্জাতিক

সীমান্তে ২৮ পাকিস্তানি যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশের পর দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৮ জন সশস্ত্র যোদ্ধা নিহত এবং ৩২ জন আহত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। তবে এই ঘটনায় নিজেদের যেকোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পাকিস্তান সীমান্ত সংলগ্ন পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের কামদেশ জেলায় হামলার উদ্দেশ্যে ওই সশস্ত্র দলটি প্রবেশ করে। তাদের মধ্যে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি এবং আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। আফগান বাহিনী সেখানে অভিযান শুরু করলে টিকে থাকা যোদ্ধারা পুনরায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানি মিলিশিয়াদের অবস্থানের দিকে পালিয়ে যায়।


কাবুলের অভিযোগ, পাকিস্তানি সশস্ত্র সদস্য ও মিলিশিয়ারা ওই যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করলেও লড়াই শুরু হওয়ার পর তারা পিছু হটে। এছাড়া সহায়তার প্রলোভন দেখিয়ে সাবেক আফগান নিরাপত্তা সদস্যদের পাকিস্তানে নিয়ে যাওয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং নুরিস্তানে পাঠানোর পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলেও সরাসরি অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।


তবে কাবুলের এমন অভিযোগকে ‘ভিত্তিহীন, অযৌক্তিক ও পুরোপুরি অসত্য’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, নুরিস্তানের সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থার কোনো সংশ্লিষ্টতা নেই। সাবেক আফগান নিরাপত্তাকর্মীদের নিয়োগ বা প্রশিক্ষণ দেওয়া কিংবা আইএস বা অন্য কোনো জঙ্গিগোষ্ঠীকে মদদ দেওয়ার বিষয়টিও অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, আফগানিস্তান তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিওটি আসলে সাজানো।


বার্তা সংস্থা রয়টার্স অবশ্য কাবুলের এই দাবি, হতাহতের সংখ্যা কিংবা ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।


সীমান্ত পেরিয়ে সশস্ত্র অনুপ্রবেশে পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এই সরাসরি অভিযোগটি এমন এক সময়ে এলো, যার মাত্র কয়েক দিন আগেই গত ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। ইসলামাবাদ সে সময় ২৮ জন জঙ্গিকে হত্যার দাবি করলেও আফগান কর্মকর্তাদের দাবি ছিল, ওই হামলায় সাধারণ মানুষ নিহত হয়েছে। পরবর্তীতে জাতিসংঘের আফগানিস্তান মিশন সেখানে তিনজন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার জন্য কাবুলকে দায়ী করে আসছে ইসলামাবাদ, যা বরাবরই অস্বীকার করে আসছে আফগানিস্তান।


সূত্র: রয়টার্স


ডিবিসি/ এসভিএন

 

আরও পড়ুন