আন্তর্জাতিক, ভারত
ভারতে গাড়ির ছাদে ঝুলে চোরাকারবারিদের ধরলেন পুলিশ সদস্য

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে পুলিশের তল্লাশি চৌকি এড়িয়ে পালানোর সময় এক পুলিশ সদস্যের সাহসিকতায় ধরা পড়েছে তিন সন্দেহভাজন চোরাকারবারি।
ঘটনাটি ঘটে কোয়েম্বাটোরের ভিলাঙ্কুরিচি শহরে। সেখানে তামাকজাত পণ্য চোরাচালান রোধে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় একটি হুন্দাই ক্রিয়েটা গাড়িকে থামার সংকেত দেওয়া হলেও চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। তখনই প্রধান কনস্টেবল ভেলমুরুগান দ্রুত চলন্ত গাড়িটির ছাদে উঠে পড়েন এবং সেটি শক্তভাবে আঁকড়ে ধরে থাকেন।
কোয়েম্বাটোর পুলিশের বরাতে জানা যায়, কনস্টেবল ভেলমুরুগান গাড়ির ছাদে ঝুলে থাকা অবস্থাতেই গাড়িটি প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে।
শেষ পর্যন্ত গাড়িটি থামিয়ে ওই তিন সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এই নাটকীয় ও রুদ্ধশ্বাস অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে।
ডিবিসি/এসডব্লিউএন