আন্তর্জাতিক
ফের সর্বাত্মক যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইরান: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংঘাত যদি ‘মহাপ্রলয়ংকরী যুদ্ধে’ (ডুমসডে ওয়ার) রূপ নেয়, তবুও তা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ইরান।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শত্রুতা অবসানে তেহরানের দেওয়া শান্তি পরিকল্পনার শর্তগুলো পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমরা চাই আমাদের যেসব সম্পদ অবৈধভাবে জব্দ করা হয়েছে, তা অবমুক্ত করা হোক। আমরা তেল বিক্রির অধিকার চাই এবং আগের চুক্তিগুলোতে যুক্তরাষ্ট্র যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর বাস্তবায়ন চাই।’
ইরানের শীর্ষ এই কূটনীতিক উল্লেখ করেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের সময় আলোচনার মাঝপথেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে আবার কূটনীতিতে ফেরার কোনো যৌক্তিক কারণ নেই। তবুও আমি কূটনৈতিক প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি, কারণ শান্তির কোনো সুযোগই হাতছাড়া করা উচিত নয়।’
শান্তি প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেলেও, ইরান এখনও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বলে জানান আরাঘচি।
ডিবিসি/এসডব্লিউএন