আন্তর্জাতিক, ভারত
ভারতের হরিয়ানায় পানির ট্যাংক ধসে ২ শিশুর মৃত্যু, আহত মায়েরা

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে সিমেন্টের তৈরি একটি পানির ট্যাংক আচমকা ধসে পড়ে চার বছর বয়সী এক কন্যাশিশুসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন ওই দুই শিশুর মায়েরাও। রবিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা শরিফ আলি গত এক বছর ধরে গুরুগ্রামের সেক্টর ৮৩-এর জি-২১ সোসাইটির কাছে একটি বস্তির ভাড়া ঘরে বসবাস করছেন। পেশায় তিনি রাজমিস্ত্রি এবং তার স্ত্রী রুবিনা বিবি পাশের একটি হাউজিং সোসাইটিতে হাউসকিপিংয়ের কাজ করেন। পানি সংরক্ষণের জন্য মাত্র তিন-চার দিন আগে ওই বস্তি এলাকায় আনুমানিক ১০ ফুট লম্বা, ৫ ফুট চওড়া এবং ৫ ফুট উঁচু সিমেন্টের একটি ট্যাংক নির্মাণ করা হয়েছিল।
গত ২৫ সেপ্টেম্বর ট্যাংকটির নির্মাণকাজ শেষ হওয়ার পর তা পানি দিয়ে পূর্ণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের সেটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ঘটনার সময় রুবিনা বিবি তার চার বছরের মেয়ে সুমাইয়াকে গোসল করাতে ওই ট্যাংকের কাছে যান। একই সময়ে অন্য এক নারীও তার ছোট ছেলেকে গোসল করাতে সেখানে আসেন। হঠাৎ ট্যাংকটির দেয়াল ধসে ওই দুই শিশু ও তাদের মায়েদের গায়ের ওপর পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়া চারজনকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় খেড়কি দৌলা থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৬ ধারায় ট্যাংক নির্মাণকারী ঠিকাদারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা (এফআইআর) নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত ঠিকাদারকে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/ এসভিএন