আন্তর্জাতিক, পাকিস্তান
বেলুচিস্তানে ৪ দিনে ৭১ জনের বেশি ভারত-সমর্থিত আফগান সন্ত্রাসী নিহত: আইএসপিআর

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শাবান ও অন্যান্য এলাকায় গত চার দিনের (৯৬ ঘণ্টা) অভিযানে ৭১ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর বেলুচিস্তানের জিয়ারাত ও এর আশপাশের এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। কোয়েটা জেলার শাবান এলাকায় ‘ফিতনা আল খাওয়ারিজ’ এবং ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর একাধিক গোপন আস্তানা শনাক্ত করার পর এই অভিযান চালানো হয়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। মূলত নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ এবং বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর পেছনে ভারতের মদদের অভিযোগ তুলে তাদের ‘ফিতনা আল হিন্দুস্তান’ হিসেবে অভিহিত করে থাকে পাকিস্তান সরকার।
সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, শাবান এলাকায় অভিযানের সময় তীব্র গোলাগুলিতে ৩৩ জন এবং গত ৭২ ঘণ্টায় অভিযান জোরদার করার পর আরও ২৩ জন সন্ত্রাসী নিহত হয়। এর আগে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নোশকি এলাকায় পৃথক এক গোয়েন্দাভিত্তিক অভিযানে ১১ জন এবং মান্দ এলাকায় আরও ছয়জন নিহত হয়। এছাড়া ২২ ও ২৩ সেপ্টেম্বর কেচ এবং কোয়েটা ওয়েস্ট এলাকায় চালানো অভিযানে আরও ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছিল। এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এই অভিযানকে ‘ভারত-সমর্থিত আফগান প্রক্সিদের’ ওপর বড় ধরনের আঘাত হিসেবে বর্ণনা করেছে আইএসপিআর। সংস্থাটির অভিযোগ, ভারতের সমর্থন ও পৃষ্ঠপোষকতায় পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে আফগান তালেবান শাসকদের সম্পৃক্ততা বহু মূল্যবান প্রাণ কেড়ে নিচ্ছে এবং অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। সরকার অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ রূপকল্পের অধীনে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ দেশ থেকে পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান পূর্ণ শক্তিতে চলবে বলেও ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে যাওয়ায় সেখানে অভিযান জোরদার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গবেষণা সংস্থা ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’-এর মাসিক মূল্যায়ন অনুযায়ী, প্রদেশটিতে গত জুলাই মাসে ৮৩টি হামলার ঘটনা ঘটলেও আগস্টে তা ৭ শতাংশ বেড়ে ৮৯টিতে দাঁড়িয়েছে।
এদিকে বেলুচিস্তানে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পৃথক বিবৃতিতে তারা নিরাপত্তা বাহিনীর ত্যাগকে গোটা জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন এবং বিদেশি মদদে চলা সন্ত্রাসবাদ পাকিস্তানের মাটি থেকে পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র: ডন
ডিবিসি/ এসভিএন