ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

একের পর এক নারীর মরদেহ উদ্ধার, দক্ষিণ আফ্রিকায় সিরিয়াল কিলার আতঙ্ক

একের পর এক নারীর মরদেহ উদ্ধার, দক্ষিণ আফ্রিকায় সিরিয়াল কিলার আতঙ্ক

আন্তর্জাতিক

একের পর এক নারীর মরদেহ উদ্ধার, দক্ষিণ আফ্রিকায় সিরিয়াল কিলার আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৪:০২ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অঞ্চলটিতে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া নারীর মরদেহের সংখ্যা দাঁড়াল ১০-এ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

গত জুলাই ও আগস্ট মাসে জোহানেসবার্গের পূর্বে একুরহুলেনি পৌর এলাকায় প্রায় ৭ কিলোমিটার (৪ দশমিক ৩ মাইল) ব্যাসার্ধের মধ্যে তিন নারীর মরদেহ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। এরপর চলতি মাসের শুরুর দিকে মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকায় আরও ছয়টি মরদেহ উদ্ধার হলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের পেছনে কোনো একজন বা একাধিক ‘সিরিয়াল কিলার’ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


শনিবার সকালে উদ্ধার হওয়া দশম মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস জানিয়েছে, তারা কেবল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করতে পারছে এবং অপরাধস্থল ব্যবস্থাপনা দলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন।


পুলিশ জানায়, শনিবারের আগে উদ্ধার হওয়া ৯ জন নারীরই বয়স ছিল ২০ থেকে ৩০-এর কোঠায়। তাদের অনেকের মরদেহ বিবস্ত্র বা অর্ধনগ্ন অবস্থায় প্রধান সড়কের পাশের খোলা জায়গায় ফেলে রাখা হয়েছিল। এই হত্যাকাণ্ডগুলোর কয়েকটির ধরনে বেশ মিল খুঁজে পেয়েছে পুলিশ। তবে একই ব্যক্তি বা গোষ্ঠী এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। জটিল ও ধারাবাহিক সহিংস অপরাধ তদন্তে বিশেষজ্ঞ পুলিশের ‘ইনভেস্টিগেটিভ সাইকোলজি ইউনিট’-এর কর্মকর্তারাও এই তদন্তে যুক্ত হয়েছেন।


এদিকে গত ১৭ সেপ্টেম্বর উদ্ধার হওয়া নবম মরদেহের ঘটনায় গত সপ্তাহে দুই নারীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত ওই নারীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়েছিল। তবে গ্রেপ্তার হওয়া ওই দুই নারীর সঙ্গে আগের হত্যাকাণ্ডগুলোর কোনো যোগসূত্র পায়নি পুলিশ। প্রাদেশিক পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল টমি এমথমবেনি শনিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসিকে বলেন, নবম হত্যাকাণ্ডটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে ধারণা করছেন তদন্তকারীরা। তবে বাকি হত্যাকাণ্ডগুলোর মধ্যে যোগসূত্র থাকার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না।


দক্ষিণ আফ্রিকায় এমনিতেই সহিংস অপরাধ এবং নারীর প্রতি সহিংসতার হার অত্যন্ত বেশি। এর মধ্যে একুরহুলেনিতে একের পর এক এমন হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


সূত্র: এনবিসি


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন